05/03/2024
অভাগী ঘেঁটু
প্রতি বসন্তে মাঠ আলো করে আসেন বটে, কিন্তু তিনি কাব্যে উপেক্ষিতা। হ্যাঁ, ঘেঁটুর কথাই বলছি। যার আর এক নাম ভাঁট। বেহুলার পায়ে বাঙলার নদী-মাঠ জুড়ে যে না কি নূপুরের মত বেজেছিল, সেই ভাঁটফুল।
এবছরও ফুটেছে ঘেঁটু। ফোয়ারার মত ফুটেছে। থরে থরে ফুটেছে। গোরু চরাতে আসা বাচ্চারা ডাল ভেঙে শেষ করতে পারছে না। আর সুগন্ধ ছড়াচ্ছে দমকা বাতাসে ভর করে। আহা সেই গন্ধের লোভে বার বার মরতে-জন্মাতে ইচ্ছে হয়।
কিছু ছবি তুলেছিলাম। এক বন্ধু ছবি দেখে জানাল ঘেঁটুর ল্যাটিন নাম-- Clerodendrum infortunatum। তা ইনফরচুনাটাম অর্থ আনফরচুনেট। মানে, ঘেঁটু ল্যাটিনেও অভাগী!
কেউ বাগানে লাগায় না, বোধহয় অমন বুনো চেহারার জন্য। তাতে কিছু যায় আসে না অবশ্য আবাগির। সে নিজস্ব বুনো, অথচ কোমল রূপ আর গন্ধের ডালি অকাতরে বিলিয়ে দেয়, অপাত্রে। সেও সূর্যের সৌরভ, কিন্তু তাকে নিয়ে কবিতা শুধু জীবনানন্দই লিখেছিলেন বোধ হয়।