20/10/2026
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ঐতিহাসিক পদক্ষেপ: জারি হলো ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’
আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির বিকল্প তৈরি এবং বিদ্যুৎ খাতে সরকারি ভর্তুকির চাপ কমাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার ব্যাপকভাবে বাড়াতে জারি করা হয়েছে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’।
১৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন পায় এবং ১৯ অক্টোবর রষ্ট্রপতি কতৃক তা জারি করা হয়।
অধ্যাদেশের প্রধান বিষয়সমূহ:
মেগা লক্ষ্যমাত্রা: আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই দেশের বিভিন্ন ভবনের ছাদে ৩,০০০ থেকে ৪,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাস্তবায়ন মডেল: সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনে বিনিয়োগকারীর অর্থায়নে ‘ওপেক্স’ (OPEX) মডেলে এবং নিজস্ব আয় থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘ক্যাপেক্স’ (CAPEX) মডেলে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা যাবে।
সহজ আইনি কাঠামো: সৌর খাতে বেসরকারি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সুরক্ষা, দীর্ঘমেয়াদী চুক্তি সম্পাদন, বিদ্যুতের যৌক্তিক মূল্য নির্ধারণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিশ্চিত করতে আইনি ভিত্তি প্রদান করবে এই অধ্যাদেশ।
মূল উদ্দেশ্য: জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে টেকসই সবুজ শক্তির বিকাশ ঘটানো এবং জাতীয় অর্থনীতিতে বিদ্যুৎ খাতের ভর্তুকির বোঝা লাঘব করা।
নবায়নযোগ্য জ্বালানির এই উদ্যোগ দেশের বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় এবং পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরে এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।