23/08/2026
*জিইএমকো পরিদর্শনে বিএসইসি চেয়ারম্যান: সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার আহ্বান*
চট্টগ্রাম, ২৩ আগস্ট ২০২৬:
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান জনাব আব্দুল খালেক আজ সকালে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (জিইএমকো) পরিদর্শন করেছেন। প্রতিষ্ঠানে পৌঁছালে বিএসইসি চেয়ারম্যান মহোদয়কে উষ্ণ শুভেচ্ছা ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন জিইএমকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শ্রমিক-কর্মচারী প্রতিনিধিবৃন্দ।
পরিদর্শনকালে চেয়ারম্যান মহোদয়ের সাথে ছিলেন করপোরেশনের পরিচালকবৃন্দ এবং বিএসইসি’র বিপণন বিভাগের প্রধান। কারখানা প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করে চেয়ারম্যান মহোদয় পরিদর্শন কার্যক্রম সূচনা করেন।
সফরকালে চেয়ারম্যান মহোদয় দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই ট্রান্সফর্মার উৎপাদনকারী কারখানার বিভিন্ন উৎপাদন ইউনিট সরজমিনে ঘুরে দেখেন এবং সার্বিক উৎপাদন কার্যক্রম পর্যালোচনা করেন। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় তিনি কারখানার বিদ্যমান সুবিধা-অসুবিধা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যে তিনি সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। বিএসইসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও পেশাদারিত্বের মাধ্যমে জিইএমকোকে আরও লাভজনক ও সমৃদ্ধ শিল্প প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে।