16/08/2026
পাইল কি এবং কেন করতে হয়?
সব জায়গার মাটি একরকম হয়না। অনেক সময় একই জমির মাটি ভিন্ন ধরণের হয়। পলি, দোআঁশ, বেলে দোআঁশ, কাঁদা মাটি সহ অনেক ধরণের মাটি হয়ে থাকে। কোথাও পানি জমে থাকে, কোথাও নরম মাটি ইত্যাদি ধরণের।
আপনি বাড়ি করবেন মাটির উপর। আপনার বাড়ির একটা ওজন আছে। এই ওজনটা আপনার বাড়ি নিতে পারছে কিনা সেটা জানার জন্য মাটির পরীক্ষা করতে হয়, যাকে ইংরেজিতে Soil Test বলে
একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যখন একটা বাড়ির ফাউন্ডেশন, কলাম, বীমের হিসাব করেন তখন তিনি ঐ মাটির গুণাগুণ হিসাব করে এসবের ডিজাইন করেন।
মাটির দুর্বলতাকে সঠিক অবস্থায় নিয়ে আসার পদ্ধতি হলো পাইলিং। অর্থাৎ, জমির মাটি আপনার বাড়ির ওজন নেবার মতো নেই। বাড়ি ডেবে যেতে পারে, ডেবে গেলেই বাড়ি হেলে পড়তে পারে অথবা কোন একটা কলাম ডেবে গেলেই বাড়িতে ফাটল কিংবা আরও বড় ধরণের ক্ষতি হতে পারে।
সয়েল টেস্টের রিপোর্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে বলে দেয় কোন ধরণের পাইলিং করতে হবে অথবা হবে না। আপনার পাশের করিম সাহেব পাইলিং করেনি বলে আপনাকে পাইলিং করতে হবেনা এটা মোটেও সঠিক নয়। কোন ঠিকাদার, মিস্ত্রি কি বললো সেই মুখের কথায় কোটি টাকার সম্পদ ঝুঁকিতে ফেলবেন কিনা সেই সিদ্ধান্ত আপনার।